১১। তালিকাভুক্তি বাতিল

দ্বিতীয় অধ্যায়: মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি


১১। (১) প্রত্যেক তালিকাভুক্ত ব্যক্তি নিম্নবর্ণিত কারণে তাহার টার্নওভার কর তালিকাভুক্তি বাতিলের জন্য1[সংশ্লিষ্ট কর্মকর্তার] নিকট নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, আবেদন করিতে পারিবেন, যথা:―

(ক) যদি তিনি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা বন্ধ করেন;

(খ) যদি তাহার অর্থনৈতিক কার্যক্রমের টার্নওভার পর পর তিনটি কর মেয়াদে আনুপাতিক হারে তালিকাভুক্তি সীমার নিম্নে থাকে।

(২)2[সংশ্লিষ্ট কর্মকর্ত] নির্ধারিত সময়সীমা, শর্ত ও পদ্ধতিতে, উক্ত ব্যক্তির তালিকাভুক্তি বাতিল করিতে পারিবেন।

(৩) মূসক নিবন্ধনের জন্য দাখিলকৃত আবেদন তালিকাভুক্তি বাতিলের আবেদন হিসাবে বিবেচিত হইবে এবং3[সংশ্লিষ্ট কর্মকর্তা] যে তারিখে মূসক নিবন্ধন সনদপত্র ইস্যু করিবেন সেই তারিখের অব্যবহিত পূর্ববর্তী দিবসে টার্নওভার কর তালিকাভুক্তি বাতিল হইয়াছে বলিয়া গণ্য হইবে।

(৪) যদি কোন ব্যক্তি তালিকাভুক্তি বাতিলের জন্য উপ-ধারা (১) এর অধীন আবেদন না করেন, তাহা হইলে4[সংশ্লিষ্ট কর্মকর্তা] নির্ধারিত সময়সীমা ও পদ্ধতিতে, উক্ত ব্যক্তির তালিকাভুক্তি বাতিল করিয়া প্রয়োজনীয় আদেশ প্রদান করিতে পারিবেন।

টীকা
১. “সংশ্লিষ্ট কর্মকর্তার” শব্দগুলি “কমিশনারের” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৬০(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
২. “সংশ্লিষ্ট কর্মকর্তা” শব্দগুলি “কমিশনার” শব্দটির পরিবর্তে অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৬০(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
৩. “সংশ্লিষ্ট কর্মকর্তা” শব্দগুলি “কমিশনার” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ৩৮ (ক) ধারাবলে প্রতিস্থাপিত।
৪. “সংশ্লিষ্ট কর্মকর্তা” শব্দগুলি “কমিশনার” শব্দের পরিবর্তে অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ৩৮ (খ) ধারাবলে প্রতিস্থাপিত।