৮২। মূসক কর্মকর্তাকে সহায়তা প্রদান

দ্বাদশ অধ্যায়: মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ


৮২। (১) মূসক কর্মকর্তাকে এই আইন বা তদধীন প্রণীত বিধিমালার অধীন তাহাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড ও আনসারের যেকোন সদস্য এবং ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, আবগারি, শুল্ক, আয়কর এবং মাদকদ্রব্য সংক্রান্ত কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণকারী সকল সরকারি কর্মকর্তাসহ অন্য যেকোন1[সরকারি কর্মকর্তা, ব্যাংক, বীমা2[, চার্টার্ড একাউন্টেন্ট ফার্ম]3[, ক্রেডিট রেটিং এজেন্সি] ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ সহায়তা প্রদানে বাধ্য থাকিবেন]।

(২) সহকারী কমিশনার পদমর্যাদার নিম্নে নহেন এমন কোন মূসক কর্মকর্তা, তাহাকে সহায়তা করিবার উদ্দেশ্যে উপ-ধারা (১) এ উল্লিখিত কোন সদস্য, কর্তৃপক্ষ বা কর্মকর্তা বা অন্য কোন ব্যক্তিকে যে কোন ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব, ব্যাংক এ্যাকাউন্টের হিসাব বিবরণী, দলিলাদিসহ অন্য যেকোন তথ্য সরবরাহের অনুরোধ করিতে পারিবেন এবং উক্ত অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সদস্য, কর্তৃপক্ষ বা কর্মকর্তা তলবকৃত তথ্য সরবরাহ করিতে বাধ্য থাকিবেন।

টীকা
১. “সরকারি কর্মকর্তা, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ সহায়তা প্রদানে বাধ্য থাকিবেন” শব্দগুলি ও কমাগুলি “সরকারি কর্মকর্তা এবং সকল ব্যাংক কর্মকর্তা সহায়তা প্রদান করিবেন” শব্দগুলির পরিবর্তে অর্থ আইন, ২০১৯ (২০১৯ সনের ১০ নং আইন) এর ৮৫ ধারাবলে প্রতিস্থাপিত।
২. “, চার্টার্ড একাউন্টেন্ট ফার্ম” কমা ও শব্দগুলি “বীমা” শব্দের পর অর্থ আইন, ২০২১ (২০২১ সনের ১১ নং আইন) এর ৪৯ ধারাবলে সন্নিবেশিত।
৩. “, ক্রেডিট রেটিং এজেন্সি” চিহ্ন ও শব্দগুলি “চার্টার্ড একাউন্টেন্ট ফার্ম” শব্দগুলির পর অর্থ আইন, ২০২২ (২০২২ সনের ১৩ নং আইন) এর ৭৪ ধারাবলে সন্নিবেশিত যাহা ১ জুলাই ২০২২ তারিখ হইতে কার্যকর।